ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ফাং-ওয়ং (Fung-Wong)। ফিলিপাইনের দিকে ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় ইতিমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। ঝড়ের প্রভাবে দেশটির উপকূলীয় ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট।
\r\nরোববার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফাং-ওয়ং রোববার সকালে সুপার টাইফুনে রূপ নেয়। এতে প্রবল বর্ষণ, বিধ্বংসী বাতাস ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন সরকার।
\r\nদেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৫ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে—যা সর্বোচ্চ সতর্কতার স্তর। দক্ষিণ-পূর্ব লুজনের কাটানডুয়ানেস, কামারিনেস নরতে, এবং কামারিনেস সুর প্রদেশসহ কয়েকটি এলাকায় এই সতর্কতা কার্যকর। রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোকে সিগন্যাল নম্বর ৩–এর আওতায় আনা হয়েছে।
\r\nবর্তমানে ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, যা বেড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে ‘উওয়ান’ (Uwan) নামে পরিচিত এই টাইফুনটি রোববার রাতের মধ্যে লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে।
\r\nইতিমধ্যে টাইফুনের প্রভাবে ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফিলিপাইন কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামারিনেস সুর প্রদেশে মানুষজন ছোট নৌকা থেকে মালপত্রসহ ট্রাকে উঠছেন—ঝড়ের আগেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য।
\r\nবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAP) জানিয়েছে, টাইফুনের কারণে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল বাতাসে গাছ দুলছে, আকাশে ঘন মেঘ ও ঝোড়ো বৃষ্টির শব্দে চারদিক মুখরিত।
\r\nআবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আগামী ২৪ ঘণ্টা ফাং-ওয়ং ‘অত্যন্ত বিপজ্জনক’ অবস্থায় থাকবে। এরপর এটি দেশের মধ্যাঞ্চল অতিক্রম করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।





